সুয়ারেজ ও মেসির গোল নৈপুণ্যে বার্সার রোমাঞ্চকর জয়।বায়ান্নোর বাংলা ডেক্স . ২ গোলে পিছিয়ে পড়ে রিয়াল সোসিয়েদাদের কাছে হোঁচট খাওয়ার শঙ্কায় পড়েছিল বার্সেলোনা। কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়েছেন বার্সা। লা লিগার ম্যাচটি ৪-২ গোলে জিতেছেন তারা। রোববার আনোয়েতায় আতিথ্য নেয় বার্সেলোনা। শুরুতে বেশ অগোছালো ফুটবল খেলতে দেখা যায় অতিথিদের। এর ফায়দা লুটতে মোটেও ভুল করেননি স্বাগতিকরা। ১১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন উইলিয়ান জোসে। এগিয়ে গিয়ে বেশ আত্মবিশ্বাসী খেলা খেলে রিয়াল সোসিয়েদাদ। ২৮ মিনিটে ফের বার্সার জালে বল পাঠান জোসে। তবে তা বাতিল করে দেন রেফারি। এরপর ৩৪ মিনিটে দলকে দ্বিতীয় গোল খাওয়া থেকে রক্ষা করতে পারেননি মার্ক আন্দ্রে টের স্টেগেন। এ সময় গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন হুয়ানমি। পিছিয়ে পড়ে আক্রমণাত্মক খেলা শুরু করে বার্সা। ৩৯ মিনিটে গোল করে ব্যবধান কমান পাওলিনহো। এতে ২-১ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫০ মিনিটে দলকে সমতায় ফেরান লুইস সুয়ারেজ। সমতায় ফিরে নিজেদের চেহারায় দেখা যায় কাতালানদের। তাই এগিয়ে যেতেও কষ্ট হয়নি। ৭১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে দেন এ উরুগুইয়ান ফরোয়ার্ড। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বার্সাকে। ৮৫ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান ৪-২ করেন লিওনেল মেসি। এ নিয়ে এবারের লা লিগায় সর্বোচ্চ ১৭ গোল করলেন আর্জেন্টাইন যুবরাজ। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্নেস্টো ভালভার্দের দল। এ জয়ে বার্সেলোনার পয়েন্ট বেড়ে দাঁড়াল ৫১। এতে রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বাড়ল ১৯। ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে লস ব্লাঙ্কোজরা। ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া।
No comments:
Post a Comment